
ঢাকার কেরানীগঞ্জে
আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার
(৫ জুন) এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতেরা হলেন, ইমন(১৮) , শিফাত(১৭) ও আব্দুল্লাহ আল মামুন (৩৮)। নিহত ইমন উপজেলার কলাতিয়া
ইউনিয়নের বেলনা গ্রামের মো. মুসলিম উদ্দিননের ছেলে ও শিফাত রোহিতপুর ইউনিয়নের মুগারচর
গ্রামের গোলাম হোসেনের ছেলে। নিহত মামুন মানিকগঞ্জ
জেলার সিংগাইর থানার নিলাম্বর পট্রি এলাকার অলি উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে
জানা যায়, রোববার বিকেল ৪ টায় গুলিস্তান-বান্দুরা সড়কের সরকারি শাক্তা উচ্চবিদ্যালয়ের
সামনে লেগুনা-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে
ইমন(১৮) ও শিফাত(১৭) নামে দুজন নিহত হন। এ সময় আরও দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে
নাহিদের (১৫) অবস্থা আশঙ্কাজনক। আহত লেগুনা ড্রাইভারের পরিচয় মেলেনি।
অপর দিকে উপজেলার
হযরতপুর ইউনিয়নের কলাতিয়া-হেমায়েতপুর সড়কে প্রাইভেটকার ও সিএনজির মুখামুখি সংঘর্ষে
আব্দুল্লাহ আল মামুন(৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ( ৫ জুন) ভোর সাড়ে ৫
টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন কাজীকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল
মামুন প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের কর্মরত ছিলেন। প্রাইভেটকার চালক সোমনাথ ঘোষ মাতাল
অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালাম মিয়া বলেন, ভোরে হযরতপুর এলাকায় প্রাইভেটকার-সিএনজির
মুখোমুখী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিকেল ৪ টার দিকে গুলিস্তান-বান্দুরা রোডের শাক্তা এলাকায় অপর দুর্ঘটনায় ২ জন
নিহত এবং দুই জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

