
কোনো সম্ভাবনা নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত ক্ষোভ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় গণভবণ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার কি করছে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা তো বেশ কয়েকটি নির্বাচন দেখলেন। সর্বশেষ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে অনেকে নির্বাচন নষ্ট করতে চায়। এরপরও নির্বাচন হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি যে নির্বাচন নিয়ে এতো প্রশ্ন তোলে, তাদের জন্মটা কিভাবে? তারা কি কখনো জনগণের দাবি আদায়ে কোনো আন্দোলন করেছে? তারা জানে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা করা বলছে। তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেবে কেনো? তাদের এটা জিজ্ঞাসা করেন। তারা ক্ষমতায় আসার পর মানুষ কি পেয়েছে? কোনো সম্ভাবনা নেই, কোনো সুবিধা পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত ক্ষোভ।

