Logo
শিরোনাম

ক্রিকেটার রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ মেয়র আতিকের

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্যপ্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

রুবেলের স্ত্রী চৈতি ফারহানা মিডিয়ার মাধ্যমে রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিক আবেদন জানিয়েছিলেন।

মেয়র আতিক এখন ওমরাহ পালনে মক্কায় আছেন। গণমাধ্যমে আবেদনের কথা জেনে কবরটি সংরক্ষণ করার নির্দেশনা দেন তিনি।

ক্রিকেটার রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন, সে মানুষটি চিরবিদায়ের বেলায় এক টুকরো মাটি পাবে না, তা হতে পারে না।

তিনি আরও জানিয়েছেন, পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪০ বছর।


আরও খবর