
যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে সুপারমার্কেটে হামলার একদিন পর এবার ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় বন্দুক
হামলা হয়েছে। বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার দুপুরে
একটি অনুষ্ঠানের আয়োজনের সময় জেনেভা প্রেসবাইটেরিয়ান নামের গির্জাটিতে এ হামলা হয়।
তার আগের দিন নিউইয়র্কের বাফেলো শহরে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত
হন।
অরেঞ্জ কাউন্টির
শেরিফের দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে, গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা যান।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানানো হলেও
তার নাম প্রকাশ করা হয়নি। হামলা চালানোর পেছনে তার উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে কোনো ইঙ্গিত
পাওয়া যায়নি। হামলার পর গির্জায় থাকা মানুষরাই তাকে আটক করে, তার কাছে থাকা দুটি হ্যান্ডগানও
জব্দ করা হয়েছে। হামলার সময় গির্জাটিতে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।
ক্যালিফোর্নিয়ার
গভর্নর গ্যাভিন নিউসম বলেন, আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে
কাজ করছি।

