
লালমনিরহাটের আদিতমারীতে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িহাট বেগুনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল বেগুনটারী গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক হুজুরের ছেলে। সে স্থানীয় নামুড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল বাড়ির পাশে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়। পরে রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

