
মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে মাগুরা সদর উপজেলা ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের বাসিন্দা আলতাপ বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৩) ও পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের আহমেদ মোল্লার ছেলে অসীম মোল্লা (২২)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিমন মাগুরা শহর এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। অন্যদিকে অসীম একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে তাঁরা দুজন একটি মোটরসাইকেলে মাঝাইল থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বাশা পরিবহনের ঢাকাগামী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে লিমন ও অসীম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরই ওই বাসের চালক বাস নিয়ে পালিয়ে গেছেন।
রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

