Logo
শিরোনাম

মালদ্বীপকে হারিয়েই ফাইনালে যেতে চাইছে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ২৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টানা দুই জয়ে গৌরবের উপলক্ষ এনে দিতে পেরেছে বাংলাদেশ। হোক না সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক ফুটবল হলেও এই জায়গাটায় ভারতই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কার পর ভারতকে হারানোর কৃতিত্ব দেখানোয় লাল-সবুজদের লক্ষ্য এখন ফাইনাল। কাল শুক্রবার ভারতের ভুবনেশ্বরে সন্ধ্যা সাড়ে ৭টার ম্যাচটি জিতেই সেটি অনেকটা নিশ্চিত করার দিকে দৃষ্টি বাংলাদেশ দলের।

লিগ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তানভীর-মইনুলরা।

৫ দলের টুর্নামেন্ট বাংলাদেশ ও নেপাল পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। দুই দল ২ ম্যাচে ৬ পয়েন্ট করে পেয়েছে। এছাড়া বাকি তিনটি দলই এক ম্যাচ করে খেলে এখনও পয়েন্টর খাতা খুলতে পারেনি। শুক্রবার বিকালে দিনের প্রথম ম্যাচে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে দুই দলের যে কেউ পয়েন্ট হারালেই পরেরটিতে বাংলাদেশ জিতলে ফাইনাল নিশ্চিত হবে। সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট পেয়ে যাবে পল স্মলির দল।

বাংলাদেশ শিবির তাই এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। বরং তারা ফাইনালে উঠার জন্য উদগ্রীব। ভিডিও বার্তায় পাঠানো দলটির অধিনায়ক তানভীর হোসেনের কথাতে ফুটে উঠলো সেটা, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া। যেভাবে শুরু করতে চেয়েছি করতে পেরেছি। আমাদের পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাবো। দুই ম্যাচ জিতে আমাদের ৬ পয়েন্ট। এখন মূল উদ্দেশ্য ফাইনালে জায়গা করে নেওয়া।

অবশ্য মালদ্বীপ প্রথম ম্যাচে নেপালের কাছে ৪ গোলে হেরেছে। এখন তারাও টুর্নামেন্টে টিকে থাকতে লড়াই করতে চাইবে। বাংলাদেশ সেই সুযোগটিও প্রতিপক্ষকে দিতে চাইছে না। তানভীর বলেছেন, আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ, বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিততে পারলে ফাইনালে জায়গা করে নিতে পারবো। আশা করছি আমরা ম্যাচ জিতে আসতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন জিতে মাঠ ছেড়ে আসতে পারি।

দলটির কর্মকর্তা সাবেক ফুটবলার বিজন বড়ুয়াও আশাবাদী, নেপাল ও ভারতের ম্যাচ আছে আগে। সেই ম্যাচেরও হিসাব-নিকাশ আছে। তবে আমরা জিতেই ফাইনালে জায়গা করে নিতে চাই।


আরও খবর