
গত দুই বছর ধরে
গোটা দুনিয়া করোনা ভাইরাসে নাকাল। এর মধ্যে কিছুদিন আগে হানা দেয় মাঙ্কি পক্স। এখন
মারবার্গ ভাইরাস নামে আরেক অতিসংক্রামক প্রাণঘাতী ভাইরাসের কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য
সংস্থা (ডব্লিউএইচও)। পশ্চিম আফ্রিকার ঘানা এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে দুইজনের
মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সোমবার সিএনএন
জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরবার্গ
ভাইরাসে শনাক্ত ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ডব্লিউএইচও'র
তথ্য মতে, এ ভাইরাসে আক্রান্তদের ডায়রিয়া, জ্বর, বমি বমি ভাব এবং বমির উপসর্গ দেখা
দেয়। আক্রান্তদের সংস্পর্শে আসা ৯০ জনের বেশি মানুষকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মারবার্গ অত্যন্ত
সংক্রামক ভাইরাসজনিত রক্তক্ষরণ সংক্রান্ত জ্বর, যা ইবোলা ভাইরাস রোগের মতো এবং এতে
মৃত্যুর হার ৮৮% পর্যন্ত। ডব্লিউএইচও বলছে, 'এ রোগে আক্রান্ত ব্যক্তির হঠাৎ অসুস্থতা
শুরু হয়, তীব্র জ্বর, প্রচণ্ড মাথাব্যথা দেখা যায়'।
ভাইরাসটি বাদুড়
থেকে মানবদেহে সংক্রমিত হয়। পরে সংক্রমিত ব্যক্তির থুতু বা অন্য তরল থেকে ভাইরাসটি
মানুষে ছড়িয়ে পড়তে পারে বলে জানায় ডব্লিউএইচও।

