
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যেন মহামারি হয়ে দাঁড়িয়েছে। সড়কে কোনোভাবেই কমছেনা দুর্ঘটনা। মে মাসেই দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫২৮টি। এতে নিহত হয়েছেন ৬৪১ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন।
সোমবার (৬ জুন) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
৫২৮ টি দুর্ঘটনার মধ্যে মে মাসে ২৪৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৭৯ জন, যা মোট নিহতের ৪৩.৫২ শতাংশ। দুর্ঘটনায় ১১৯ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন।
এই সময়ে সড়ক ছাড়াও ৭টি নৌ-দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন এবং ২ জন নিখোঁজ রয়েছে। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আর দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৯১৪টি।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, ১২৭টি দুর্ঘটনায় ১৫৯ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২৩ জন নিহত। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। ৩টি দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন, প্রাণহানি ঘটেনি।

