
৩৬ বছরের খরা
কাটিয়ে গতকাল রোববার রাতে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ে শুভেচ্ছায়
ভাসছে আর্জেন্টিনা দল, শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দলটির অধিনায়ক লিওনেল মেসিও। তবে এর
মধ্যে এক টুইট করে বিতর্কে জড়ালেন ভারতের
সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক। টুইটারে তিনি দাবি করেছেন, মেসির জন্ম আসামে!
ভারতীয় সংবাদমাধ্যম
আনন্দবাজারের খবরে বলা হয়, আব্দুল খালেক আসামের বরপেটা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে
সংসদ সদস্য হয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে
তিনি লেখেন, ‘আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত।’ এরপর
ওই টুইটে মেসির ‘আসাম-যোগ’ সম্পর্কে
জানতে চান এক ব্যক্তি। এর উত্তরে আব্দুল লেখেন, মেসির জন্ম আসামে।
আর্জেন্টিনার
রোসারিওতে জন্ম নিয়েছেন মেসি। তাই আব্দুল খালেকের টুইটের পর তা নিয়ে সমালোচনা শুরু
হয়। নিজের ভুল হয়েছে বুঝতে পেরে পরে ওই টুইট ডিলিট করে দেন এমপি খালেক। কিন্তু বিতর্ক
তাতেও থামেনি।
একজন এমপি হয়ে
কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন অনেকে।
সাংসদের এই টুইট ঘিরে ‘ট্রোলিং’ শুরু
হয়ে যায় টুইটারে। কেউ মজা করে লেখেন যে, ‘হ্যাঁ, মেসি তো আমার সহপাঠী ছিলেন।’ আবার একজন লেখেন, ‘বিশ্বকাপের পর মেসি ও তার স্ত্রী আসামে
এসেছিলেন।’

