
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জান্তাবিরোধী
মিলিশিয়াদের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে
গণ-প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বার্তা সংস্থার
রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।
মিয়ানমারে সামরিক সরকারের বিরোধীরা এই সপ্তাহে 'জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ'র আহ্বান জানানোর পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের তরুণদের কাছে যা আছে তা নিয়ে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। এসময় জাতীয় ঐক্য সরকারের (এনইউজে) সঙ্গে সরাসরি যুক্ত হতে জাতিসংঘকেও আহ্বান জানায় তারা।
বিশেষ দূত হিসেবে মিয়ানমারের প্রতিনিধিত্ব
কারা করবে তা নির্ধারণের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে সামনে। এ বৈঠককে সামনে
রেখে দেশটির বিরোধী শক্তিগুলো একটি প্রচারণা চালাচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল
করেছে সামরিক বাহিনী। তখন থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটিতে। এসিস্ট্যান্স
এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসেব অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত এক হাজার
৫৮ জন নিহত হয়েছে।

