Logo
শিরোনাম

মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়ার সময় যুবক আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হওয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আটক মাহফুজের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক খালেদ নড়াইল জেলার নড়াগাতী থানার পানি পাড়া গ্রামের বাসিন্দা। তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। আজ বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের নজরে এলে তাকে আটক করেন সেনা সদস্যরা। পরবর্তী সময়ে তারা তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, বর্তমানে মাহফুজ পদ্মা দক্ষিণ থানার হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর