
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেককে দুইদিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এই তিন আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন। সেই আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলো আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী খালেদ নেওয়াজ।
গত শনিবার (২৩ অক্টোবর) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্যরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেফতার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে পরেরদিন ২৪ অক্টোবর বিকেলে জবানবন্দি দিয়েছেন।
অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ ওরফে মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেই সূত্রে শুনানি শেষে মঙ্গলবার তাদের তিনজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

