Logo
শিরোনাম

মুনিয়া হত্যা মামলায় মিমের জামিন নাকচ

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার আসামি সাইফা রহমান মিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আতাউল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মিম জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী। মুনিয়া হত্যা মামলায় তিনি ৬ নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকার ধানমণ্ডির বাসা থেকে মিমকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম (দক্ষিণ) কার্যালয়ে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার দিকে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আদালত মিমকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। পরে আজ মিমের পক্ষে আইনজীবী গাজী শাহ আলম জামিন শুনানি করেন।

শাহ আলম বলেন, মিম এ ঘটনার সঙ্গে জড়িত না। যে ধারায় মামলা করা হয়েছে, তা তাঁকে অভিযুক্ত করে না। এজন্য তাঁর জামিন প্রার্থনা করছি। এ ছাড়া আসামি একজন নারী। যেকোনো শর্তে তাঁর জামিন প্রার্থনা করছি।

যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী মিমের জামিনের বিরোধিতা করে।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার গুলশান থানার (নারী-শিশু) কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।


আরও খবর