Logo
শিরোনাম

নিপুণের আপিল শুনানি আজ

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার আপিল শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আদালত।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণ আপিল আবেদন করেন। নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আপিল করলে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির দিন ধার্য করেন।

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত এর আগে সোমবার স্থগিত করেন হাইকোর্ট।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া। নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ।

সোমবার আহসানুল করীম বলেছিলেন, জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে এক সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাব বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।


আরও খবর