
নিষেধাজ্ঞা অমান্য
করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে মা ইলিশ শিকার করায় গত ২০ দিনে ৮২ জেলেকে
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ১ লাখ
৬২ হাজার মিটার কারেন্ট জাল ও ১১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে
উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
চৌহালী উপজেলা
মৎস্য অফিসসূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে সরকারি
নিষেধাজ্ঞা জারি করা হয়। চৌহালী উপজেলার উত্তরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি
ও দক্ষিণে বাঘুটিয়া ইউনিয়নের পাথরাইল পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার এলাকায় ডিমওয়ালা মা
ইলিশ শিকারে এক শ্রেণির অসাধু জেলে তৎপর হয়। তবে এ বছর প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের
অভিযান অব্যাহত রয়েছে।
এতে গত ২০ দিনে
২৪ জনকে ১৫ দিন, ৩২ জনকে ১০ দিন এবং ২৬ জনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ
আদালত। এ সময় প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে
পুড়িয়ে ফেলা হয়।

