
নন্দিত উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই ফেসবুকে অনেকে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন। তবে খবরটি পুরোপুরি গুজব, সুস্থ-স্বাভাবিক আছেন তিনি। হানিফ সংকেত গুজব থেকে সাবধান থাকতেও আহ্বান জানিয়েছেন সবাইকে।
তার ভাষ্য,
‘আমি
পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া
হয়। দু'দিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব গুজব ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।’
এদিকে কিছু
পেজ থেকে দাবি করা হচ্ছে, হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই। এই তথ্যটিকেও
ভুল বলে জানিয়েছেন হানিফ সংকেত। তার ভাই বছর খানেক আগেই মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, বিটিভির
জনপ্রিয় ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দর্শকদের নজরে আসেন হানিফ সংকেত।
১৯৮৯ সালে তিনি বিটিভিতে নিয়ে আসেন ‘ইত্যাদি’। যা এখনো ধারাবাহিকভাবে চলমান। প্রতি মাসেই অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত
হয়। দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
মৃত্যুর গুজবে হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ। ’ বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত লেখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত।

