
নোয়াখালীর সুবর্ণচরের থানা বাজারে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে
গেছে ২০টি দোকান। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের
থানা হাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম সোহেল জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজারের
নাছির ট্রেডাস নামে একটি তেল, গ্যাস, ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ
আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে
একে একে পুড়ে ছাই হয়ে যায় থানার হাট বাজারের ২০টি ছোট-বড় দোকান। এতে প্রায় তিন কোটি
টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- টেলিকম, টেইলার্স দোকান, বস্ত্র
বিতান, ক্লথ স্টোর, কসমেটিক্স এন্ড গার্মেন্টস, ফার্নিচার শোরুম, ক্রোকারিজ মালামাল,
ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, ফটোকপি, পার্টস দোকান, টিভি ও ফ্রিজ শোরুম, স্টেশনারি,
তেল, গ্যাস ও ওষুধের দোকান।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

