
করোনা সতর্কতা এবং পরবর্তীতে বিয়ের কারণে দীর্ঘ সময় ক্যামেরার বাইরে ছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি আবারও তিনি কাজে সক্রিয় হয়েছেন। অভিনয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনটি নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
এগুলো চলতি সপ্তাহেই প্রচারে আসবে বলে জানিয়েছেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ কাজগুলো করতে আমার ভালো লাগে। কারণ বিজ্ঞাপন বারবার প্রচার হয়। এতে করে দর্শকের সামনে উপস্থিত থাকা যায়। আশা করছি, নতুন বিজ্ঞাপনগুলো দর্শকের ভালো লাগবে।’ বিজ্ঞাপনের পাশাপাশি ঈদের জন্য নির্মিত তিনটি নাটকেও অভিনয় করেছেন মিম। এগুলো পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ, মাহমুদুর রহমান হিমি ও তানিম রহমান অংশু।
আপাতত নাটকে আর অভিনয়ের পরিকল্পনা নেই তার। তবে ঈদের পর একাধিক নতুন সিনেমার কাজে যুক্ত হবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন ২০১৯ সালে। সেটি প্রেক্ষাগৃহে আসবে ঈদের পর। দীপংকর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করেছিলেন। এটিও মুক্তি পাবে চলতি বছরের শেষ প্রান্তে। এ ছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘ইত্তেফাক’ নামের একটি সিনেমায়ও অভিনয় শুরু করেছিলেন মিম। এর কাজ এখনো অসমাপ্ত রয়েছে।

