
নতুন মৌসুমে গম রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে রাশিয়া। মূলত উৎপাদন বৃদ্ধি ও বিপুল পরিমাণ মজুদ দেশটিকে রফতানি বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ইকারের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাইয়ে রাশিয়ায় ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়ে আগামী বছরের জুনে শেষ হবে। মৌসুম শেষে দেশটি ৩ কোটি ৯০ লাখ টন গম রফতানি করতে পারে। চলতি মৌসুমে দেশটি ৩ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ২৫ লাখ টন গম রফতানি করবে বলে জানিয়েছেন ইকারের প্রধান দিমিত্রি রিলকো।
বিশ্লেষকরা জানান, ২০২১ সালের পর থেকেই রাশিয়া গম রফতানি সীমিত করছে। এক্ষেত্রে দেশটি রফতানিতে কোটা নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি শুল্কহারও অনেক বাড়ানো হয়েছে। উদ্দেশ্য স্থানীয় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এদিকে কৃষিপণ্যের আরেকটি পরামর্শক প্রতিষ্ঠান সভেকন রাশিয়ার গম উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১২ লাখ টন বাড়তে পারে। মোট উৎপাদন দাঁড়াবে ৮ কোটি ৮৬ লাখ টনে, যা নতুন রেকর্ড।
সভেকনের পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে রাশিয়া ৪ কোটি ১০ লাখ টন গম রফতানি করবে। এ মৌসুমে পণ্যটির বৈশ্বিক বাণিজ্যের ২০ শতাংশই আসবে রাশিয়া থেকে। রফতানি নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিমিত্রি বলেন, রাশিয়ায় গমের উৎপাদন ঊর্ধ্বমুখী। এছাড়া মজুদ রেকর্ডও সর্বোচ্চে। ফলে এমন কোনো সম্ভাবনা নেই। বর্তমানে রাশিয়া উৎপাদিত গম রফতানিতে যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে এগোচ্ছে।

