
সোমবার চণ্ডীগড়ে
মহা ধুমধাম। যাকে বলে রাজকীয় আয়োজন! হবে না-ই বা কেন! রাজকুমারের গলায় যে মালা দিলেন
তাঁর দীর্ঘ দিনের বান্ধবী! পত্রলেখার সঙ্গে ‘স্ত্রী’র নায়কের বিয়ে নিয়ে বেশ কিছু দিন ধরেই
তুমুল চর্চা চলছিল বলিপাড়ায়। কিছু দিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে
প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা। চার হাত এক হল অবশেষে।
এক-আধ দিন নয়,
এগারোটা বছর ধরে বলিউডের প্রথম সারির অভিনেতার মনের দখল নিয়ে বসে ছিলেন বাঙালি কন্যে।
দু’জনেই বার বার প্রেমের কথা বলে এসেছেন খোলাখুলি।
আগে অনেক বারই সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছেন, কী ভাবে তাঁর কেরিয়ারের একেবারে শুরুর
হোঁচট খাওয়া দিনগুলোতেও পাশে ছিলেন পত্রলেখা। কেমন করে শক্ত হাতে সামলে রেখেছিলেন তাঁকে।
সাদা শেরওয়ানি,
লাল পাগড়িতে বর। লাল বেনারসিতে কনে। গলায় বরমালা। মুখে ঝলমলে হাসি। ছবিতে ছয়লাপ। অনুরাগীরা
দেখলেন দুচোখ ভরে। কোথায় বিয়ে হবে, কেমন হবে তার আয়োজন, বিয়ের অতিথি তালিকা সবটা নিয়েই
চলছিল দেদার আলোচনা। সদ্য প্রকাশ্যে এসেছিল বিয়ের কার্ডও। তার থেকেই জানাজানি হয় চণ্ডীগড়ের
বিলাসবহুল হোটেলে গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে।
বিয়ে শেষ হতে না হতেই ছবি পৌঁছে গেল ইনস্টাগ্রামে। দিলেন নতুন বর নিজেই! কোনওটায় দু’জনে হেসে খুন। কোনওটায় নাচে মাতোয়ারা। নিজের ছবি পোস্ট করে ‘নিউটন’-এর নায়ক লিখেছেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।

