Logo
শিরোনাম

অবশেষে বিখ্যাত তাকসিম স্কয়ারে মসজিদ উদ্বোধন করলেন এরদোয়ান

প্রকাশিত:শনিবার ২৯ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ মার্চ ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ারে তাকসিম মসজিদের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০১৩ সালে মসজিদটির নির্মাণ পরিকল্পনা নিয়ে অনেক বিরোধীতা হয়েছিল দেশটিতে। তবে শেষ পর্যন্ত শুক্রবার (২৮ মে) উদ্বোধন হয় মসজিদটি।

মসজিদটির উদ্বোধনের সময় হাজারো মানুষ যোগ দেয় এবং মসজিদে জায়গা না পেয়ে এর চত্বরে বসে নামাজ আদায় করেন অনেকে।

মসজিদটির সঙ্গেই রয়েছে খোলা চত্বর, যাকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক ভাবা হয়। এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের স্মারক হিসেবে বিবেচিত।

প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার মসজিদটি উদ্বোধন করে বলেন, তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহর ইচ্ছায় মসজিদটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।

এছাড়াও তিনি জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করা হচ্ছে বিজয়। এ উদ্যোগকে কোনো কিছুই বন্ধ করতে পারবে না।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট এরদোয়ান নব্বইয়ের দশকে ইস্তাম্বুলের মেয়র থাকাকালীন তাকসিম স্কয়ারের মসজিদ নির্মাণর ইচ্ছার কথা জানিয়েছিলেন।

২০১৩ সালে তাকসিম স্কয়ারের গাজি পার্কে মসজিদটি যখন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল তখন ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় ওই মসজিদ বিরোধী বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিও পালন করা হয়েছিল।

শুরুর দিকে ইস্তাম্বুলে উন্নয়নমূলক কাজের বিরোধিতা হলেও শেষ পর্যন্ত সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছিল। কিন্তু শেষ অবধি এরদোয়ানের কর্তৃত্বপরায়নতাই অধিকতর বিস্তৃত হলো।



আরও খবর