
সন্ত্রাস ছড়িয়ে যারা ক্ষমতা দখল করে তাদের সাম্রাজ্য চিরস্থায়ী হয় না। আফগানিস্তানে তালেবান-রাজ প্রসঙ্গে পরোক্ষে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার তালেবান কাবুল দখলের পর থেকে বেশ উদ্বেগেই রয়েছে নয়াদিল্লি।
সেই আবহে নরেন্দ্র মোদি সরাসরি কোনও বার্তা না দিলেও শুক্রবার তিনি টুইটারে লেখেন, ‘সন্ত্রাস ছড়িয়ে বিনাশকারী শক্তিরা সাম্রাজ্য গড়লে তা কিছুদিন আধিপত্য বিস্তারে সমর্থ হয়। তবে চিরস্থায়ী হয় না। মানবজাতিকে দীর্ঘদিন দমিয়ে রাখতে কখনোই পারবে না তারা।’
আফগানিস্তানে তালেবান রাজত্ব শুরু হতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতি বদলে গিয়েছে এক ঝটকায়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে, তালেবানের উত্থানে আদতে শক্ত হল পাকিস্তানের হাত। তালেবান নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার ইঙ্গিত দিয়ে রেখেছে চীনও। যার জেরে বেশ চাপে রয়েছে ভারত।
এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে গত মঙ্গলবারই বৈঠকে বসেছিল ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বসে ওই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

