Logo
শিরোনাম

অক্সিজেন স্বল্পতায় দিল্লির হাসপাতালে আরও ২০ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অক্সিজেন স্বল্পতার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে আরও ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে তাদের মৃত্যু হয়।

শনিবার সকালে জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা বলেছেন, রাতে ২০ জন অতি সংকটজনক রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। একেবারে অক্সিজেন শূন্য হয়ে গিয়েছিল তা নয়, তবে অক্সিজেনের ঘাটতি থাকায় অক্সিজেনের চাপ কম ছিল।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেল ৫টায় আমাদের ৩ হাজার ৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা রাত ১২টায় ১ হাজার ৫০০ লিটার পেয়েছি। এই সময়ের মধ্যে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়। হাসপাতালে এখন ২১০ জন করোনা রোগী রয়েছেন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে মহামারি পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সংক্রমণ বাড়ার পাশাপাশি ভারতে মৃত্যুও বাড়ছে। ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন-সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে।

এর আগে, নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেন স্বল্পতার কারণে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে।


আরও খবর