Logo
শিরোনাম

ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরই ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবার (২৩ জুলাই) ভোরের দিকে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে পরপর দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, দুইটি কালিবার ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত হানে। আরও দুটি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় আইনপ্রণেতা ওলেক্সি হোনচারেনকো টেলিগ্রামে বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি স্বাক্ষরের ফলে বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা নিরসন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে বিশ্বের আরও ৪ কোটি ৭০ লাখ মানুষ চরম অনাহারের মুখে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন এই চুক্তি শেষ পর্যন্ত ইউক্রেনে শান্তির পথ দেখাবে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। এতে পুরো বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে চেষ্টা চালিয়ে আসছিল তুরস্ক, জাতিসংঘ।

নিউজ ট্যাগ: ইউক্রেন

আরও খবর