
পাকিস্তানের বেলুচিস্তান
প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাকিস্তানের বেলুচিস্তানের
ঝব জাতীয় মহাসড়কের কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী একটি বাস কয়েক শ ফুট গভীর খাদে
পড়ে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বেলুচিস্তানের
ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন, ‘ধারণা করছি ২৩ জন যাত্রী নিয়ে লরালাই থেকে
ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে
যায়। এতে ২২ জন নিহত হন।’
আখতারজাই হলো
বেলুচিস্তানের একটি উপজাতীয় এলাকা। এই স্থানটি ঝবের ১ হাজার ৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত।
দুর্ঘটনায় নিহত
সব যাত্রীর মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের
মধ্যে ৫ শিশু, ৫ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত ১ শিশু চিকিৎসাধীন রয়েছে।
রাষ্ট্রপতি ড.
আরিফ আলভি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি
কামনা করেন। ভবিষ্যতে এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন তিনি।

