
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান
মো. সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে করা মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। বিচারক আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের
তারিখ ধার্য করেছেন। এছাড়া মামলার অপর আসামিরা
হলেন: রিজেন্ট কেসিএস লি. এর জেনারেল ম্যানেজার
শিপন আলী।
নথি থেকে জানা গেছে, রাজধানীর
কারওয়ানবাজারে রড, ইট, সিমেন্টের ব্যবসায়ী মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মালিক সাইফুল্লাহ
মাসুদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের
বিরুদ্ধে মামলা করেন। তাঁর কাছ থেকে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাহেদ দুই কোটি ৫৮
লাখ ৩০ হাজার ৫৫ টাকার রড, সিমেন্ট, ইট ক্রয় করেন। তিনি কিছু টাকা পরিশোধ করলেও অনেক
টাকা বাকি থাকে। পরবর্তী সময়ে একইভাবে এক কোটি টাকার রড, ইট, সিমেন্ট নেন সাহেদ। এই
এক কোটি টাকার জন্য সাহেদ চারটি ব্যাংক চেক দেন। কিন্তু চারটি চেক ব্যাংক প্রত্যাখ্যান
করে। তারপর সাইফুল্লাহ মাসুদ টাকা চান। কিন্তু সাহেদ টাকা দেননি। বরং ভয়ভীতি দেখান
ও হত্যার হুমকি দেন।
এ নিয়ে ২০২০ সালের ৩ মার্চ
মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিতভাবে অভিযোগ জানান। পরবর্তী সময়ে এ ব্যাপারে ওই
বছরের ৮ জুলাই উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাইফুল্লাহ মাসুদ। কিন্তু
এতেও কোনো কাজ হয়নি। তারপর থেকে এ পর্যন্ত সাহেদ আর কোনো টাকা পরিশোধ করেননি।

