Logo
শিরোনাম

প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনগণকে যেন বেশি দামে চাল কিনতে না হয় সেজন্য দরকার পড়লে আমদানির চিন্তা করবে সরকার। প্রয়োজনে চাল আমদানিতে ট্যাক্স কমানো হবে। ভোক্তাকে স্বস্তিতে রাখতে যা যা করার সবই করা হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষ থেকে বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে। এসময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বোরো সংগ্রহ সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জুনের মধ্যে ৭০ শতাংশ বোরো সংগ্রহ সম্পন্ন করতে হবে। যেসব মিল মালিক চুক্তিবদ্ধ চাল আগে পরিশোধ করবে, প্রয়োজনে তাদের আরো বরাদ্দ দেওয়া হবে।

বিভিন্ন করপোরেট হাউস বাজার থেকে ধান-চাল কেনায় লিপ্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা কৃত্রিম কোনো সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ভোক্তা যেন আতঙ্কিত না হয়, সেজন্য সচেতনতা তৈরি করার পাশাপাশি ধান-চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান ও চাল সংগ্রহের সময় কোনো কৃষক কিংবা মিল মালিক যেন কোনোভাবে হয়রানি না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা ময়েশ্চার মিটার দিয়ে কৃষকের ধানের ময়েশ্চার পরীক্ষা করে কৃষককে সহযোগিতা করতে পারেন। তিনি বলেন, কৃষকের বাড়িতে গিয়ে ময়েশ্চার পরীক্ষা করে ধানসহ কৃষককে গুদামে পাঠালে তাদের ভোগান্তি কমবে। বেশি ময়েশ্চার বা ভেজা ধান ফেরত নিয়ে গুদাম থেকে মন খারাপ করে ফিরতে হবে না।

মিল মালিকদের উদ্দেশে তিনি বলেন, কোয়ালিটির মানদণ্ডে উত্তীর্ণ না হলে সে চাল গুদামে পাঠাবেন না। চালের কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মাটিতে সোনা ফলে। কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে। কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালক, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


আরও খবর