
রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের জীবিত থাকা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকনমিক
ফোরামের বার্ষিক সম্মেলনের বৈঠকে জেলেনস্কির এমন মন্তব্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে কূটনৈতিক
মহলে।
এদিকে জেলেনস্কির
বক্তব্যের পরেই রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র
দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির কাছে রাশিয়া ও পুতিন যে ‘বড় সমস্যা’ তা আবার স্পষ্ট হয়ে গেলো।
তিনি চান রাশিয়া ও পুতিনের অস্তিত্ব মুছে যাক। যত তাড়াতাড়ি জেলেনস্কি বুঝতে পারবেন
রাশিয়ার অস্তিত্ব আছে এবং থাকবে, ইউক্রেনের পক্ষে ততই মঙ্গল হবে।
বৈঠকে যুদ্ধ থামানোর
জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর প্রসঙ্গে জেলেনস্কি বলেন, কার সঙ্গে আলোচনা হবে সেটাই
আমার কাছে স্পষ্ট নয়। পুতিন আদৌ আর বেঁচে আছেন কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে।
এর আগে ডিসেম্বরের
শুরুর দিকে মার্কিন এক সংবাদমাধ্যম দাবি করেছিল পুতিন গুরুতর অসুস্থ। অসুস্থ অবস্থায়
বাসভবনের সিঁড়ি থেকে পড়ে রুশ প্রেসিডেন্ট জখম হয়েছেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা
হয়েছিল।
ডাভোসের আলোচনা
সভায় জেলেনস্কি ইউরোপের নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি বুঝতে পারি
না, ইউরোপের বিভিন্ন নেতারা বার বার আশ্বাস দেওয়ার পরেও একটি দেশ (রাশিয়া) কীভাবে বিনা
প্ররোচনায় সামরিক অভিযান শুরু করতে পারে।

