Logo
শিরোনাম

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞীর শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত:সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ০৫ আগস্ট ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। লতা মঙ্গেশকরের বড় ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।

দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতানুরাগীদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কভিডে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

শেষ শ্রদ্ধা জানালেন মোদি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই উড়ে যান।

নিজ বাড়ি প্রভুকুঞ্জ থেকে স্থানীয় সময় বিকেল পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় 'লতা দিদি'র ‍মৃতদেহ সেখানে পৌঁছার আগে থেকে তার জনপ্রিয় গানগুলো সেখানে বাজানো শুরু হয়।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিবিদ, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে আসেন।

লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, গায়িকা অনুরাধা পাড়োয়াল প্রমুখ প্রিয় 'লতাদির মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান।

লতার স্মরণে ভারতে দুই দিনের শোক: কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পশ্চিমবঙ্গে আগামীকাল সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতার গাওয়া গান।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শোক: ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

 


আরও খবর