
অর্থ পাচারের মামলায় ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন মানি লন্ডারিং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (১৩ জুন) রাজধানী নয়াদিল্লিতে সংস্থাটির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর্বটি অনুষ্ঠিত হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
খবরে জানা যায়, রাহুল গান্ধীকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কার্যালয়ের বাইরে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করলে একাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। কংগ্রেসের দাবি, ইডি একসময় মামলাটি বন্ধ করে দিয়েছিল। পরে আবার রাজনৈতিক কারণে মামলা চালু করা হয়েছে। বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। রাহুলকে জিজ্ঞাসাবাদের ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, গান্ধী এবং দল বেআইনি কিছু করেনি। আমরা নিরঙ্কুশ লড়াই করব, আমরা নির্ভয়ে লড়াই করব। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিব।
একই মামলায় রাহুলের মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছে ইডি। গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে ৩০০ মিলিয়ন ডলারের সম্পত্তির একটি শেল কোম্পানি গঠনের। ‘ন্যাশনাল হেরাল্ড’ নামক মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের রাজনীতিতে নান আলোচনা চলছে।

