Logo
শিরোনাম

রাজধানীর ৯ পয়েন্টে অবস্থান নেবে আ.লীগ

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় আজ শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করবে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সহিংসতায় জড়াতে পারে এমন শঙ্কা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ শঙ্কা থেকে রাজধানীর ৯ পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান নেবেন আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বলিষ্ঠ অবস্থান থাকবে ঢাকার প্রবেশদ্বারগুলোতে।

এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থান নেবে। আওয়ামী লীগ এবং এর ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাদের ভাষ্য- বিএনপির নেতাকর্মীরা সহিংসতায় জড়ালে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, রাজনৈতিক দলগুলো সাধারণত শনিবার কর্মসূচি দেয়। ইতিপূর্বে বিএনপিও তাই করেছে। অন্যদিকে ধর্মভিত্তিক উগ্র সাম্প্রদায়িক দল ও সংগঠনগুলো জুমার নামাজ শেষে কর্মসূচি দিয়ে থাকে। এবার যেহেতু শুক্রবার বাদ জুমা বিএনপি কর্মসূচি দিয়েছে, তাতে ধরে নেওয়া যায়, তারা সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে সহিংসতায় জড়াবে। এ শঙ্কা থেকে আমরা রাজধানী ঢাকার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে বলেছি- শান্তিপূর্ণ অবস্থান নিতে।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণে দুটি পয়েন্টে এবং উত্তরে সাতটি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান নেবে।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ওরা (বিএনপি) কর্মসূচি করবে আর আমরা শান্তিপূর্ণ অবস্থান নেব। ঢাকা মহানগর উত্তরের সাতটি পয়েন্টে আমরা শন্তিপূর্ণ অবস্থান নেব। শ্যামলী স্কয়ার, গাবতলী, মিরপুর-১ গোলচত্বর, ১০ নম্বর গোলচত্বর, মহাখালী, উত্তরা, ফার্মগেট ও বাড্ডার ইউলুপে জুমার পর থেকে আমরা সতর্ক অবস্থান নেব। প্রথমত আমরা শান্তিপূর্ণ অবস্থান নেব, তারা যেন কোনো হিংসাত্মক কিছু করতে না পারে। যদি এ রকম কিছু করে, তা হলে আমরা প্রতিহত করব।

ঢাকার অন্যতম প্রবেশদ্বার উত্তরা-আবদুল্লাহপুর এলাকায় বিএনপিকে কোনো সহিংসতা করার সুযোগই দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান। তিনি বলেন, উত্তরায় বিএনপির কর্মসূচির প্রতি কঠোর দৃষ্টি থাকবে সেখানকার প্রতিটি ওয়ার্ডে ও ইউনিটে। এ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় তারা একটি প্রস্তুতি সভাও করেছে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিতে আমরা থাকব। কেন্দ্রীয় ছাত্রলীগ শাহবাগে অবস্থান নেবে। এ ছাড়া সব শিক্ষাঙ্গনে সতর্ক অবস্থানে থাকবে ছাত্রলীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ ডিসেম্বর বাদ জুমা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানার উদ্যোগে সমাবেশ হবে।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

অন্যদিকে যাত্রাবাড়ীতে থাকবেন দলের সভাপতিম-লীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা।

যাত্রাবাড়ীতে দিনব্যাপী কঠোর অবস্থানে থাকবেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা ও ঢাকা-৫ আসনে ১৪ দলের সমন্বয়ক হারুনুর রশীদ মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ। তার ভাষ্য- বিএনপিকে আন্দোলনের নামে সহিংসতা করার সুযোগই দেওয়া হবে না।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু বলেন, কেন্দ্রীয়ভাবে স্বেচ্ছাসেবক লীগের অবস্থান থাকবে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মূল দল আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সংগঠনের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবে।

এর আগে ২৭ ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ডেকে বিএনপির কর্মসূচির বিপরীতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন। পরের দিন ২৮ ডিসেম্বর সন্ধ্যায় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নেতৃবৃন্দকে পুনরায় একই নির্দেশনা দেন।


আরও খবর