
রাজধানীর শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিতে শেওড়াপাড়া গ্রিন ইউনিভার্সিটির পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কানিজ ফাতেমা। তিনি কারিগরি শিক্ষাবোর্ডে কর্মরত ছিলেন।
জানা গেছে, কানিজ ফাতেমা রিকশায় মিরপুর ১০ এর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সাথে সাথে চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।

