Logo
শিরোনাম

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ছয়জন, করোনার উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এরা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল পাঁচজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁ ও নাটোরের একজন করে।

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া জেলার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

পরিচালক আরও জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।

বর্তমানে রাজশাহীর ৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ৯ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৩ জন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।

এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৩ জনের নমুনায়।


আরও খবর