
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের
প্রভাবে, বাংলাদেশের চট্টগ্রামে মীরসরাই সমুদ্র উপকূলে অবস্থিত ড্রেজার ডুবিতে নিখোঁজ
আট শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাদের
মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শ্রমিকরা
হলেন, ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, শাহীন মোল্লা, আল আমিন, মো. তারেক ও বাশার। অন্য
দুজনের নাম জানা যায়নি। তবে ড্রেজারটি থেকে এক শ্রমিক তীরে আসতে সক্ষম হয়েছেন। ওই শ্রমিকদের
সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকায়।
ড্রেজারটি থেকে
বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ
ওঠায় সৈকত-২ নামে তাদের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারটির
মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের
মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি ৮ শ্রমিক আটকা পড়েন।
মিরসরাই উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই অন্য শ্রমিকেরা নৌকা
নিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। তখন তারা ভেতরে আটকা পড়া শ্রমিকদের
মৃত অবস্থায় দেখেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে।
উপজেলার ১৬নং
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

