Logo
শিরোনাম

শাহবাজ শরীফকে পাকিস্তানের ‘প্রধানমন্ত্রী’ ঘোষণা

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের আদেশকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন বিরোধীরা। ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পর এই ঘোষণা দিলো তারা। শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। নতুন প্রধানমন্ত্রী হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ।

পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন। তাতে তিনি দাবি করেছেন, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সাংসদ আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন।

সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন। পার্লামেন্টে ইমরান খানের শাসক জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সাংসদেরা।

২৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হওয়ার পর পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে এটি একটি প্রতিবাদী পদক্ষেপ বিরোধীদের। নিয়মানুসারে, স্থগিত হওয়া অধিবেশন কেবল প্রেসিডেন্ট বা স্পিকার ডাকতে পারেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দিনের শুরুতে ডেপুটি স্পিকার কাসিম খান সুরি ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে বলেন, এটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর বিরোধী। সংবিধানের অনুচ্ছেদ ৫-এ বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা। সংবিধান ও আইনের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের জন্য অলঙ্ঘনীয়ভাবে বাধ্যতামূলক, তিনি যেখানেই থাকুন এবং পাকিস্তানে অবস্থান করার সময় প্রত্যেকের জন্যই তা প্রযোজ্য।

শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারিসহ বিরোধী নেতারা ডেপুটি স্পিকারের পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যায়িত করেছেন এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা। পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর এখন প্রেসিডেন্ট একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।

ভারতের ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের পর পাকিস্তানে রাজনৈতিক সংকটের জেরে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সব রেকর্ড তলব করেছেন। এ নিয়ে বিরোধীদের আবেদনের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টের হাতে এখন কঠিন কাজ। দেশে জরুরি অবস্থা জারি বা সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের মতো বিকল্প পথ খোলা রয়েছে। তবে সেনাবাহিনী ক্ষমতা নিলে ইমরানের সমর্থন বাড়বে।

উল্লেখ্য, শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। নওয়াজ শরিফ বর্তামানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।


আরও খবর