
সাব্বির হোসেন, সাভার :
ঢাকা-আরিচা মহাসড়কের ব্রীজের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন দুর্ঘটনার ঘটনায় রাজধানীসহ বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, মহাসড়কের সাভার উপজেলার আমিনবাজারের কাছে সালেহপুর ব্রীজটিতে ফাটল দেখা দেয়। এ সময় বিকল্প পথে যানবাহন চলাচল করতে থাকে। ব্রীজটি সম্প্রতি মেরামত করতে পাইলিংয়ের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে সেতু শ্রমিকেরা ব্রীজের নিচে পাইলিং করার সময় বিকট শব্দে প্রধান একটি গ্যাস লাইন ফেটে যায়। এ সময় মাটি ফুঁড়ে গ্যাস উঠতে থাকে। এরপর তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ওই পাইপের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে করে আমিনবাজার, গাবতলী, মিরপুর, ধানমন্ডি, আদাবর, শ্যামলীসহ নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নগরবাসী পড়েছে চরম দুর্ভোগে। ওই এলাকাগুলোর হোটেল-রেস্তোরায় খাবার কিনতে দীর্ঘ লাইন দেখা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় গ্যাসের লাইনটি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পরিচালক (অপারেশন) শফিকুল হাসান খাঁন।

