
বাংলা সিনেমা এখনো কাঁপছে পরাণ আর হাওয়ার জ্বরে। এরই মধ্যে ঘোষণা এল নতুন দুই সিনেমার। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আরেকটি বিগ বাজেট সিনেমা অপারেশন সুন্দরবন। তার আগে ৯ সেপ্টেম্বরে আসবে দ্য বর্ডার। দুটি সিনেমার কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। বেশ কয়েকবার মুক্তির গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমা দুটি। এর মধ্যে অপারেশন সুন্দরবন নির্মিত হয়েছে সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র্যাবের দীর্ঘদিনের অভিযান নিয়ে। এতে র্যাব সদস্যের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাকখ্যাত পরিচালক দীপংকর দীপন।
সিনেমা মুক্তি নিয়ে দর্শকদের উদ্দেশে সিয়াম আহমেদ বলেন, আপনাদের সমর্থনেই বাংলা সিনেমার একটা নতুন জোয়ার শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা অপারেশন সুন্দরবন নিয়ে আসছি। সিনেমা দেখবেন, আলোচনা করবেন, সমালোচনা করবেন কিন্তু সঙ্গে থাকবেন।’ পরিচালক দীপন সিনেমাটি নিয়ে বলেন, অনেক কথা বলার আছে সিনেমাটি নিয়ে। কিন্তু বেশি কথা বলতে চাই না। এখন ট্রেলার দেখেন, সিনেমাটি মুক্তি পেলে সিনেমাটি দেখেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা কী করতে চেয়েছি।
সম্প্রতি কক্সবাজারে হয়ে গেল সিনেমাটির ট্রেলার মুক্তি অনুষ্ঠান। এ সময় র্যাব ফোর্সেসের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এ সিনেমা থেকে যে আয় সেটি আমরা ব্যয় করব জলদস্যুদের পুনর্বাসনের কাজে। তাদের কাজের মূল স্রোতে নিতে এরই মধ্যে কিছু কাজ করা হয়েছে। আরো কাজ করবে র্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, এমন একটি অনবদ্য সিনেমা নির্মাণের জন্য এর পরিচালক ও কলাকুশলীদের অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিনেমাটি মুক্তি পেলে সারা দেশের মানুষ এটা উপভোগ করবে। আমি সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সিনেমাটি দেখার জন্য। সুন্দরবন জলদস্যুমুক্ত করার অভিযানে র্যাব সদস্য পিসি কাঞ্চন আলীসহ ৩০ জন অকুতোভয় বীর শহীদদের প্রতি সিনেমাটি উৎসর্গ করা হয়েছে।
এদিকে দ্য বর্ডার সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা ছিল। সে সময় মুক্তি পায়নি। এবার জানানো হলো সৈকত নাসির পরিচালিত সিনেমা দ্য বর্ডার মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকবে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, দ্য বর্ডার মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন পরিচালক সৈকত নাসির নিজেও। সৈকত নাসির ও আসাদ জামান যৌথভাবে সিনেমাটির কাহিনী লিখেছেন। চিত্রনাট্য করেছেন আসাদ জামান। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। দ্য বর্ডার সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুক প্রমুখ।

