
সিরিয়ার দামেস্কে সামরিক বাহিনীর বাসে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের কিছু পর জিসর-আল-রাইজ সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বাসটিতে হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে বিবিসি অনলাইন জানায়, ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর আগুনে বাসটি পুড়ে গেছে। গত এক দশক ধরে দেশটি গৃহযুদ্ধ চলছে। রাজধানীতে এইরকম হামলা সচরাচর দেখা যায় না।
আজকের এই বোমা বিস্ফোরণ দামেস্কের প্রাণকেন্দ্রে ২০১৭ সালের হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চালানো ওই আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হয়েছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আজকের হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসকে সন্দেহ করা হচ্ছে। কারণ চলতি বছরে দেশটির পূর্বাঞ্চলে সামরিক যানে এই গোষ্ঠীটি হামলা করেছিল।

