
না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। কলকাতায় একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অসুস্থ বোধ করেন। শো চলাকালীন বারবার বলছিলেন তার শরীর খারাপ লাগছে। গরম লাগার কথাও জানান তিনি। অসুস্থ বোধ করায় ফিরে যান হোটেলে। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জনপ্রিয় এই গায়কের প্রয়াণে শোকে বিহ্বল বিনোদন জগত। শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন ভক্ত-অনুরাগীরা।
কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকের জন্ম ও বেড়ে উঠা দিল্লিতে। তার সংগীত জীবন শুরু হয় মায়ের মালায়ালি গান শুনে; যা রেকর্ড করেছিলেন তার নানা। স্কুল জীবনে ‘শোলে’ সিনেমার ‘মেহবুবা’ গানটি শুনতে খুব পছন্দ করতেন তিনি। অল্প বয়স থেকেই স্টেজে পারফর্ম শুরু করেন। জানা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন প্রথমবার স্টেজে পারফর্ম করেন তিনি। পরবর্তীতে সংগীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুনেন। ‘রাজা রানি’ সিনেমায় ‘যাব আন্ধেরা হোতা হ্যায়’ গান গেয়ে দারুণ প্রশংসা কুড়ান এই শিল্পী। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গানে কণ্ঠ দেন তিনি।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বাই পাড়ি দেন বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে। বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে ১১টি ভাষায় প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গেল গেয়েছেন কেকে। এ. আর. রহমানের হিট গান ‘কাল্লুরি সালে’-তে কণ্ঠ দেন কেকে। এটিই ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার গাওয়া প্রথম গান। কেবল হিন্দি গানই নয়, কেকে কণ্ঠে তুলেছেন একাধিক ভাষার গান।
‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার ‘তাড়প তাড়প’ গানের মাধ্যমে বলিউডে ব্রেক পান কেকে। এই গানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। গান এবং সিনেমার সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন কেকে। এরপর অনেক সিনেমায় হিট গান উপহার দিয়েছেন। বলিউড অভিনেতা ইমরান হাশমি তার গাওয়া বহু গানে ঠোঁট মিলিয়েছেন। স্টেজ পারফরম্যান্সেও দারুণ জনপ্রিয় ছিলেন কেকে। তাই তো বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল এই শিল্পীর পারফরম্যান্স। সেই স্টেজ পারফরম্যান্স শেষ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই গায়ক। ১৯৯১ সালে ছোটবেলার প্রেমিকা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কেকে। এ সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে এই শিল্পীর।

