Logo
শিরোনাম

সৈয়দ আশরাফ সারাজীবন অনুকরণীয় হয়ে থাকবেন: হানিফ

প্রকাশিত:সোমবার ০৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত সজ্জন, সৃজনশীল মানুষ ছিলেন। তার আচরণ, কথাবার্তা ছিল পরিশীলিত। দুঃসময়ে তিনি ছিলেন অকুতোভয়।

আজ সোমবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলা, কাউকে কোনো কটূক্তির নজির ছিল না। একজন মানুষের মধ্যে যে সভ্য আচার-আচরণ, সেগুলো সৈয়দ আশরাফের কাছ থেকে অনুকরণীয় ছিল। জাতির অনেক ক্রান্তিলগ্নে সৈয়দ আশরাফের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই সময়ে সৈয়দ আশরাফের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

হানিফ বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের সময় সৈয়দ আশরাফের কঠোর ও বলিষ্ঠ নেতৃত্ব হেফাজতের ভীত কাঁপিয়ে দিয়েছিল। সৈয়দ আশরাফুল ইসলামের সময়োপযোগী দায়িত্বশীল কর্মকাণ্ডের মধ্যে রাজনীতিতে সুদৃঢ় অবস্থান তৈরি করেন। সব শ্রেণিপেশার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি সারাজীবন অনুকরণীয় হয়ে থাকবেন।


আরও খবর