
শ্রীলংকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আড়াই কোটি ডলারেরও নিচে নেমে এসেছে। সম্প্রতি এ দাবি করেন দ্বীপরাষ্ট্রটির সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সিরিকোঠাতে ইউএনপির প্রধান কার্যালয়ে তরুণ পেশাজীবীদের সঙ্গে আলোচনাকালে তিনি আরো জানান, সরকার ৮০ হাজার কোটি রুপি আয় হারিয়েছে। এতে দেশটিতে বর্তমানে রুপি সংকটও দেখা দিয়েছে।
এদিকে গত সপ্তাহে শ্রীলংকার অর্থমন্ত্রী আলি সাবরি জানান, এপ্রিলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯০ কোটি ডলার। মার্চেও প্রায় সমপরিমাণ রিজার্ভ ছিল দেশটির। তবে দেশটির ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৫ কোটি ডলারেরও নীচে নেমে এসেছে।
শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেন, সরকার ঋণ পরিশোধ না করায় স্থানীয় ব্যাংকগুলো বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছে। এ সংকট এক বা সর্বোচ্চ দুই বছরের মধ্যে নিরসন করা উচিত।
সরকার কর্তৃক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা উচিত এবং সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন বিক্রমাসিংহে। শিক্ষাখাতে নতুন ব্যবস্থা গ্রহণসহ পুরো রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে তরুণদেরকে আর্থিকভাবে সহায়তার নীতি নিয়ে আগাতে হবে বলে মনে করেন তিনি।

