Logo
শিরোনাম

শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখতেই গুলির নির্দেশ

প্রকাশিত:বুধবার ১১ মে ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | ১২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্রীলঙ্কায় সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর এবার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ডেইলি মিরর।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে তৎক্ষণাৎ গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশটিতে চলমান কারফিউ বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ঘোষণার আগে, রাষ্ট্রপতির মিডিয়া বিভাগ জানিয়েছিল বুধবার (১১ মে) সকাল ৭টায় কারফিউ তুলে নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেয় দেশটির সরকার। এই জরুরি ক্ষমতাবলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ পাবে নিরাপত্তা বাহিনী।

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পরোয়ানা ছাড়াই জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে।

সরকারি ওই নির্দেশনায় বলা হয়, সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করলে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবে। শুধু তাই নয়, ব্যক্তিগত সম্পত্তি এবং যানবাহনে তল্লাশিও চালাতে পারবে।

সোমবার (৯ মে) তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপক্ষে। এরপর দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত অন্তত আটজন মারা যান এবং আহত হন কমপক্ষে ২২০ জন।


আরও খবর