
চুয়াডাঙ্গায় সরকারি গমের বস্তায় বালু ও পাথর পাওয়া গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা ৪ নম্বর ঘাট থেকে ট্রাকে চুয়াডাঙ্গা সদর খাদ্য অফিসের জন্য বরাদ্দ করা গমের চালানে বালু ও পাথর পাওয়ার ঘটনা ঘটে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ট্রাক থেকে গম আনলোড করার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ সময় ৬টি ট্রাক থেকে ২৭ বস্তা বালু ও ৬টি বড় পাথরের টুকরা পাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলা খাদ্য কর্মকর্তা শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
শহিদুল হক জানান, সরকারিভাবে চুয়াডাঙ্গার জন্য ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। শনিবার রাতে দ্বিতীয় চালানে খুলনার ৪ নম্বর ঘাট থেকে ৬টি ট্রাকে ১০০ মেট্রিক টন গম চুয়াডাঙ্গা সদর খাদ্য গোডাউনে আসে।
এ সময় জোনাকি পরিবহনের দুটি ট্রাক থেকে ১৩টি, সরকার এন্টারপ্রাইজের দুটি ট্রাক থেকে ৯টি ও সানরাইজ জুট ট্রেডার্সের দুটি ট্রাক থেকে ৫টি বালুর বস্তা ও ৬টি পাথরের টুকরা উদ্ধার করা হয়।
গমের বস্তা নামিয়ে সমপরিমাণ ওজন রাখতে ট্রাকচালকরা বালুর বস্তা ও পাথরের টুকরা রাখেন বলে এ সময় অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ট্রাক থেকে গম আনলোড করার সময় ওজন দিয়ে গম গুদামে তোলা হবে। গমের ওজন সঠিক আছে কি না, তখন বোঝা যাবে।
উল্লেখ্য, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) খুলনা ৪ নম্বর ঘাট থেকে প্রথম চালানের ১০০ মেট্রিক টন গম চুয়াডাঙ্গা সদর খাদ্য গোডাউনে আসে। শনিবার দ্বিতীয় চালানে আসে আরও ১০০ মেট্রিক টন গম।

