
মার্কিন যুক্তরাষ্ট্রের
সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী
প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৮ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানান।
আইএসপিআর জানায়,
সফরকালে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে
মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা
এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত Near East South
Asia (NESA) সেন্টারের একজন গ্রাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে
আরও জানান, আগামী ২৫ ও ২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত
মিলিটারি অ্যাডভাইজার এবং পুলিশ অ্যাডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি
(UNDSS), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (UNDOS) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল
অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স (UNDPPA) এর নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ
করবেন।
সফর শেষে আগামী ২৭ এপ্রিল সেনাপ্রধান দেশে ফিরবেন বলে জানিয়েছে আইএসপিআর।

