Logo
শিরোনাম

সর্বকালের সর্বনিম্ন ভারতীয় রুপির মান

প্রকাশিত:শনিবার ০২ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত রয়েছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। শুক্রবার (১ জুলাই) দাম কমে সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে।

রুপির দরপতনে বাজারে সম্প্রতি ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রুপির ওপর চাপ কমাতে আরবিআইকে কৌশলে পরিবর্তন আনতে হবে।

লাইভমিন্টের এক প্রতিবেদন মতে, শুক্রবার দিনের শুরুতেই প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ১৪ পয়সা কমে ৭৯.১২ রুপিতে দাঁড়ায়, যা সর্বকালের সর্বনিম্ন বলে নথিভুক্ত করা হয়েছে।

তবে দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়ায় রুপি। লেনদেন শেষ হওয়ার আগে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৮ দশমিক ৯৪ রুপি। এদিন সকালে রুপির দরপতন অব্যাহত থাকার ফলে চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ কমেছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির দামের এমন পতনের অন্যতম কারণ ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া এবং সেই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।

এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, তেল রপ্তানি এবং সোনার আমদানি নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের প্রচেষ্টা বাজারের মেজাজ পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে।

কারণ অংশগ্রহণকারীরা মূলধনের বহিঃপ্রবাহ, ঝুঁকিমুক্ত মনোভাব এবং প্রসারিত ঘাটতি নিয়ে চিন্তিত ছিল। এদিকে দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি।

নিউজ ট্যাগ: ভারতীয় রুপি

আরও খবর