
বাঘ গণনার জন্য
ক্যামেরা ট্রাকিং পদ্ধতি স্থাপনের কাজ শুরু হয়েছে। এ জন্য পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা
রেঞ্জের দুইটি স্টেশন দিয়ে জেলেদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সম্প্রতি সাতক্ষীরা
রেঞ্জের কৈখালী ও কদমতলা স্টেশন দিয়ে জেলেদের অনুকূলে পাশ (অনুমতিপত্র) দেওয়ার কার্যক্রম
স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত
করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের
চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে যাওয়ার
অনুমতি দেওয়া হচ্ছে। তবে, কৈখালী ও কদমতলা স্টেশন থেকে আপাতত পাশ দেওয়া বন্ধ আছে। ক্যামেরা
স্থাপনের কাজ সম্পন্ন হলেই স্টেশন দুইটি থেকে পাশ দেওয়া শুরু হবে।
এদিকে, মঙ্গলবার
রাতে সাতক্ষীরা রেঞ্জের ছোট কেয়াখালী ও পুষ্পকাটি এলাকা থেকে তিনটি নৌকাসহ তিন জেলেকে
আটক করেছে বনবিভাগ। অভয়ারণ্য এলাকায় গিয়ে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শ্যামনগর
উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল হক, আলাউদ্দীন ও সালাউদ্দীন। আটক জেলেদের মধ্যে
দুইজনকে কারাগারে পাঠানো হলেও অপ্রাপ্ত বয়স্ক সালাউদ্দীনকে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায়
ছেড়ে দেওয়া হয়েছে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় মাছ শিকারের বড়শী, কিছু সুন্দরী গাছের কচাঁসহ তিনটি নৌকা জব্দ করা হয়।

