
চলিত ২০২২-২৩
অর্থবছরের বাজেটে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর বিলোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশের
বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমতে পারে।
বৃহস্পতিবার
(০৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী
শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী
এ কথা জানান।
মন্ত্রী বলেন,
স্বর্ণখাতকে নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানোর
লক্ষ্যে ২০১৮ সালের ২৯ অক্টোবর ‘স্বর্ণ আমদানি
নীতিমালা ২০১৮’ প্রণীত হয়। এ নীতিমালা প্রণয়ণের পর সরকারি নিয়মনীতি অনুসরণ করে স্বর্ণ
আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে ও উৎসাহ দেখা
হচ্ছে।
তিনি বলেন, দেশে
বৈধপথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা ও স্বর্ণ চোরাচালান বন্ধ করার লক্ষ্যে স্বর্ণ আমদানিতে
বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করছি। এতে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে
ও সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছি।
এবারের বাজেটের
আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। গতবছর অর্থমন্ত্রী
চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে
সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।

