
২০০৭ সালে জরুরি
তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবৈধ সম্পদ অর্জনের মামলায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রুল শুনানি
হতে যাচ্ছে। আজ রোববার (৫ জুন) এ শুনানি অনুষ্ঠিত হবে।
বিচারপতি মো.
নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে রুল শুনানির জন্য
তিনটি আবেদন কার্যতালিকায় রয়েছে।
যদিও সম্প্রতি
জুবাইদা রহমান পলাতক বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
তারেক রহমান তিন
মামলার দণ্ড মাথায় নিয়ে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম
খান।
২০০৭ সালের ২৬
সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের
তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা আসামি
তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানু।
একই বছরে তারেক
ও জুবাইদা পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট
রুল জারি করে স্থগিতাদেশ দেন।
রুল জারির ১৫
বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল রিট মামলা হাইকোর্টের কার্যতালিকায়
ওঠে। এরপর হাইকোর্ট রুল শুনানির জন্য ২০ এপ্রিল দিন ঠিক করেন। কিন্তু ওইদিন তারেক-জুবাইদার
পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট শুনানির জন্য ২৯ মে দিন ঠিক করেন।
পরে ২৯ মে ফের সময় চেয়ে আবেদন করেন তারেক ও জুবাইদার আইনজীবী। পরে হাইকোর্ট আজ ৫ জুন রুল শুনানির জন্য দিন ধার্য করে দেন।

