
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণতম আইনজীবী ও আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারপতি টিএইচ খানের মৃত্যুতে শোক-শ্রদ্ধা জানিয়ে বসবেন না সুপ্রিম কোর্ট।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবীদের উদ্দেশে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সিনিয়র আইনজীবী বিচারপতি টি এইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করা হবে না। এ সময় আপিল বিভাগের অন্য ৫ বিচারপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সাবেক বিচারপতি টিএইচ খান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
টিএইচ খান ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪২ সালে তৎকালীন কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) ভর্তি হন। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন।

